মিষ্টিতেই 'মেসি'! বিশ্বকাপের আবহে দুর্গাপুরের ব্যবসায়ীর অনন্য সৃষ্টিতে ফুটবলপ্রেমীদের উন্মাদনা

 


দুর্গাপুর: বিশ্বকাপের উন্মাদনায় যখন গোটা বিশ্বের মতো দুর্গাপুরের ফুটবলপ্রেমীরাও মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় ফুটবল তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার অনন্য প্রকাশ ঘটালেন শহরের এক মিষ্টি ব্যবসায়ী।
দুর্গাপুরের মামড়া বাজারের পরিচিত মিষ্টি ব্যবসায়ী দেবাশীষ ঘোষ দেড় কেজি খোয়া, বিভিন্ন মিষ্টির উপকরণ এবং ফুড কালার ব্যবহার করে তৈরি করেছেন লিওনেল মেসির এক জীবন্ত প্রতিকৃতি। তাঁর এই অভিনব সৃষ্টি ইতিমধ্যেই শহরজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক কৌতূহল ও প্রশংসা কুড়িয়েছে।



ছোটবেলা থেকেই আর্জেন্টিনা দলের একনিষ্ঠ সমর্থক দেবাশীষ ঘোষের কাছে মেসি শুধুই একজন কিংবদন্তি ফুটবলার নন, তিনি আবেগ, অনুপ্রেরণা ও স্বপ্নের প্রতীক। তাই বিশ্বকাপের সেমিফাইনালকে সামনে রেখে নিজের শিল্পসত্তার মাধ্যমে প্রিয় তারকাকে শ্রদ্ধা জানাতেই তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন।
মেসির মুখের অভিব্যক্তি, দাড়ি, চুল থেকে শুরু করে জার্সির রঙ—প্রতিটি খুঁটিনাটিই অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এক নজরে দেখলে মনে হবে যেন মিষ্টির শরীরেই প্রাণ পেয়েছেন বিশ্ব ফুটবলের এই মহাতারকা।
দেবাশীষ ঘোষের এই অভিনব সৃষ্টি শুধু মিষ্টিপ্রেমীদেরই নয়, ফুটবল অনুরাগীদের কাছেও হয়ে উঠেছে বিশেষ আকর্ষণের কেন্দ্র।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ