কুলটি: রাজ্যজুড়ে অবৈধ মদের ঠেক, মাদক ও অন্যান্য বেআইনি কারবারের বিরুদ্ধে চলা বিশেষ অভিযানের অংশ হিসেবে কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ সোমবার লছিপুর এলাকায় ব্যাপক অভিযান চালায়।
অভিযানে লছিপুর এলাকা থেকে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়। এই ঘটনায় ভীম মাজি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া সমস্ত মদ বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
অন্যদিকে, একই দিনে অবৈধ ঝাড়খণ্ড লটারির বিরুদ্ধে পৃথক অভিযানে লছিপুর গেট এলাকা থেকে সুরজ শাও নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ অবৈধ ঝাড়খণ্ড লটারির টিকিট এবং লটারি সংক্রান্ত অন্যান্য সামগ্রী উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই অভিযুক্তকে মঙ্গলবার আসানসোল জেলা আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে তাঁদের ৫ দিনের পুলিশ হেফাজতের আবেদন করা হবে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অবৈধ ঝাড়খণ্ড লটারির এই চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত রয়েছে। মূল চক্রীদের শনাক্ত করতে তদন্ত আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি, লছিপুরসহ আশপাশের এলাকায় অবৈধ মদ, মাদক ও অন্যান্য বেআইনি ব্যবসার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান আগামী দিনগুলিতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।






0 মন্তব্যসমূহ
ধন্যবাদ